বার্তা সংস্থা আবনা : জেনেভায় সিরিয়া বিষয়ক ত্রিপক্ষীয় বৈঠকের ফলাফল সম্পর্কে মার্কিন সরকারের মন্তব্যে বিস্ময় প্রকাশ করেছে রাশিয়া।
রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যে ‘অদ্ভুত মন্তব্য’ মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় করেছে বুধবারের জেনেভা বৈঠকে সে সম্পর্কে কোনো কথাই হয়নি।
বুধবারের ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নেন জাতিসংঘ ও আরব লীগের সিরিয়া বিষয়ক বিশেষ প্রতিনিধি লাখদার ব্রাহিমি এবং রাশিয়া ও আমেরিকার প্রতিনিধিরা। সিরিয়া বিষয়ক আসন্ন আন্তর্জাতিক সম্মেলনের প্রস্তুতি হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
রুশ পররাষ্ট্রমন্ত্রী আজ মস্কোয় এক সংবাদ সম্মেলনে বলেন, “আমি শুনতে পেয়েছি রাশিয়া, আমেরিকা ও জাতিসংঘের জেনেভা বৈঠকের ফলাফল সম্পর্কে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় অতি উদ্ভট একটি মন্তব্য করেছে।“
তিনি আরো বলেন, “রাশিয়া, আমেরিকা ও জাতিসংঘ নাকি এই মর্মে একমত হয়েছে যে, জেনেভার আসন্ন বৈঠকের লক্ষ্য হতে হবে সিরিয়ায় একটি নতুন অন্তর্বর্তী সরকার গঠন করা। এটি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধির একটি অভিনব উক্তি। আসলে এ ধরনের কথা গত বছরের জেনেভা সম্মেলনে হয়েছিল, গত বুধবারের বৈঠকে নয়।“
রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, “মার্কিন সরকার বলতে চেয়েছে, সিরিয়ার বর্তমান সরকারকে তার সব ক্ষমতা ছেড়ে দিতে হবে। সত্যিই যদি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এটি বলে থাকে তাহলে বলবো, বুধবারের জেনেভা বৈঠকের সিদ্ধান্তকে তারা অতি মাত্রায় বিকৃত করে ফেলেছে।“
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেনিফার পিসাকি এর আগে বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছিলেন, জেনেভার ত্রিপক্ষীয় বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আসন্ন আন্তর্জাতিক সম্মেলনে সিরিয়ায় একটি অন্তর্বর্তী সরকার গঠনকে প্রাধান্য দেয়া হবে যেখানে দামেস্কের বর্তমান প্রশাসনকে সব ক্ষমতা ছেড়ে দিতে বলা হবে।
সংবাদ সম্মেলনে সের্গেই ল্যাভরভ আরো বলেছেন, কিছু পশ্চিমা দেশের বিরোধিতা সত্ত্বেও আসন্ন জেনেভা সম্মেলনে ইরানের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
গত বছরের সিরিয়া বিষয়ক জেনেভা সম্মেলনের ধারাবাহিকতায় আসন্ন সম্মেলন হতে যাচ্ছে বলে একে জেনেভা-২ সম্মেলন নামে অভিহিত করা হচ্ছে। এ সম্মেলন চলতি জুন মাসে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও লাখদার ব্রাহিমি বলেছেন, এটি জুলাই মাসে অনুষ্ঠিত হবে। তবে এ সম্পর্কে কোনো তারিখ তিনি ঘোষণা করতে পারেননি।